মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ভাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে বিদ্যালয়কে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সমাজসেবক ও রাজনীতিবিদ সাইফুল ইসলাম চঞ্চল মাতবরের উদ্যোগে এবং প্রয়াত কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উদ্দিন মাতবরের পরিবারের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ল্যাপটপটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক খলিলুর রহমান, সমাজসেবক মো. নিরব মাতবর, মো. শাহ আলম শেখ, মো. ইমাম হোসেন শেখ, মো. কামাল হোসেন শেখ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় সাইফুল ইসলাম চঞ্চল মাতবর বলেন, বর্তমান যুগে শিক্ষার সঙ্গে প্রযুক্তির সমন্বয় অপরিহার্য। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা নিশ্চিত করতে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে এই ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে। তিনি ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানসহ জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা এ সহযোগিতার জন্য দাতাপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ল্যাপটপটি পাঠদান, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় অভিভাবক ও বাসিন্দারাও এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং শিক্ষা উন্নয়নে এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।