আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের মানুষকে ভয় দেখিয়ে বা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে কোনো লাভ হবে না। তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো উদ্যোগ দেশের জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। একই সঙ্গে বরিশাল বিভাগের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। বিদেশি গণমাধ্যমে বক্তব্য দিয়ে জনগণের মধ্যে ভয় বা অস্থিরতা সৃষ্টি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে দুপুরের পর থেকেই বরিশাল মহানগর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন। ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারা এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে বক্তব্য দেন।