জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন দাবি করেছেন, প্রত্যাশিত গণভোট বাস্তবায়ন না হওয়ায় দেশের মানুষ আশাহত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাতে দিনাজপুরের হিলি বাজারের খাদ্যগুদাম মোড়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, দেশের মানুষ একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিল, যেখানে প্রশাসন নিরপেক্ষ থাকবে, ঘুষ ছাড়াই চাকরি পাওয়া যাবে এবং মেধার যথাযথ মূল্যায়ন হবে। কিন্তু জনগণ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিল, তা পূরণ হয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলেও গণভোট বাস্তবায়ন করেনি। এ কারণেই জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ‘জুলাই ঐক্য’ প্রথম ভেঙেছে বিএনপি। তিনি দাবি করেন, দলটি জুলাই আন্দোলনকে বিব্রত করেছে এবং আবু সাঈদের আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে।
এ সময় দলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের পর মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করেছিল, যেখানে গণমাধ্যম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং জনগণ ও রাষ্ট্রের স্বার্থে কাজ করবে। একইভাবে পুলিশ প্রশাসনও নিরপেক্ষভাবে জনগণের সেবা করবে বলে প্রত্যাশা ছিল। তবে সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে তিনি মন্তব্য করেন।