প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি বলেন, বিএনপির প্রতিশোধ হবে উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের জীবনমানের উন্নয়নের মাধ্যমে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে এদিন আবু সাঈদ শহীদ হন। পরবর্তীতে মুগ্ধ, ওয়াসিমসহ আরও অনেকে জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ গঠনের আহ্বান জানান তিনি।
ঝালকাঠির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জেলা দীর্ঘদিন ধরে উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেখানে নলছিটি উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও জানান, নলছিটি-ঝালকাঠি সড়ক যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে সুগন্ধা নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সরকার এ সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মো. মজিবর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি আক্কাস সিকদার, জেলা বিএনপির সদস্য মো. এলিন সরদার, এনায়েত করিম মিশু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ব্যারিস্টার জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আজাদুর রহমান খান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তহিদুল আলম মান্নাসহ অন্যান্য নেতারা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজভী আহমেদ সবুজ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।