জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, চাঁদাবাজি বন্ধ করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না। বৃহস্পতিবার (১৬ জুলাই) গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ এখনও চাঁদাবাজির শিকার হচ্ছেন। তিনি বলেন, ভ্যানচালক ও অটোরিকশাচালকদের কাছ থেকেও নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে।
এ ধরনের পরিস্থিতিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।
তিনি আরও বলেন, দিনে চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দিয়ে রাতে যদি একই চাঁদাবাজির অর্থের ভাগ নেওয়া হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না। জনগণের সরকার হতে হলে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। একই দিনে জেলার সাত উপজেলায়ও জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।