জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সরকার যদি চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারায়। তিনি বলেন, যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা না থাকলে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জুলাই পদযাত্রা উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, গাইবান্ধা ও সাদুল্লাপুরে এসে ভ্যান ও অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, প্রতিদিন একটি ভ্যান বা অটোরিকশা চালাতে ১০০ টাকা করে চাঁদা দিতে হয়। তার ভাষ্য, এমন পরিস্থিতিতে কোনো সরকারকে জনগণের সরকার বলা যায় না।
তিনি বলেন, “আপনি যদি নিজে চাঁদাবাজি না করেন, তাহলে যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি তা করতে না পারেন, তাহলে ক্ষমতা ছেড়ে দিন। আর যদি ক্ষমতাও না ছাড়েন, আবার চাঁদাবাজদের বিরুদ্ধেও ব্যবস্থা না নেন, তাহলে মানুষ মনে করবে দিনে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন, আর রাতে সেই চাঁদার টাকার ভাগ নেন।”
এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি শফিজল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা এবং গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি।
এদিকে, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার ঘটনাকে স্মরণ করে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পৌর পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় বিএনপি, জামায়াত, এনসিপি, শহীদ পরিবার সোসাইটি এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জেলার সাতটি উপজেলাতেও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মরণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।