‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৫ জুলাই) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিকে ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন বা রাষ্ট্রবিরোধী কোনো মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে র্যাব।
র্যাবের নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সমন্বিত নজরদারি, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, সাদা পোশাকে সদস্য মোতায়েন এবং প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভগুলোর নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
এ ছাড়া দায়িত্বপূর্ণ এলাকায় আগাম তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ টিমগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব জানিয়েছে, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে স্থানীয় র্যাব ইউনিটকে দ্রুত অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।