জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমাদের বলা হয় জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব। তবু আমরা তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হব না।”
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যার পর বগুড়া মহানগরীর সাতমাথা জিরো পয়েন্টে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, তাদের বুট দিয়ে লাথি মারা হয়েছে এবং কলার চেপে ধরা হয়েছে। তিনি বলেন, “এই শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন যদি বলে তারা বিএনপিকে চায় না, তখন আপনারা কী করবেন?”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে টালবাহানা করবেন না।” একই সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা ভয় পাবে না।”
বক্তব্যে তিনি আরও দাবি করেন, গত ১৭ বছরে দেশে নারীদের স্বাধীনতা ছিল না। এছাড়া বগুড়া ও ফেনীর বাসিন্দা হওয়ায় অনেক মেধাবী তরুণ চাকরি থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গতকাল আমাদের অবাঞ্ছিত বলা হয়েছে। অথচ এই অবাঞ্ছিতদের আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। এখন তারাই আমাদের অবাঞ্ছিত বলছে। ভাগ্যের কী নির্মম পরিহাস।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীম, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী এবং জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।