চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার পর হামলাকারীদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশ এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রামে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা চালানো ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করা উচিত। পাশাপাশি তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
পোস্টে তিনি বলেন, হামলাকারীরা আদৌ কঠোর শাস্তির মুখোমুখি হবে কি না, সে বিষয়ে তার সংশয় রয়েছে। তাঁর ভাষায়, এমন ঘটনার পুনরাবৃত্তি দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জামায়াত আমির আরও বলেন, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এ কারণে নাগরিকদের নিজেদের নিরাপত্তার বিষয়ে আরও সচেতন ও প্রস্তুত থাকতে হবে।
একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ধারাবাহিকভাবে এমন ঘটনা ঘটলেও হামলাকারীরা কীভাবে প্রশ্রয় পাচ্ছে এবং তাদের পেছনে কারা রয়েছে।