আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন মামলার সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্র, চুরি এবং অন্যান্য অপরাধসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সেনবাগ থানা পুলিশের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮টি মামলার আসামি আবুল বাশার ওরফে বাদশা মিয়া (৪৮) এবং আবদুল মান্নান ওরফে মান্নান চোরা (৫০)-কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া মাদক ও অস্ত্রসহ ১৪টি মামলার আসামি হিসেবে উল্লেখ করা লাল বেলাল, ছাতারপাইয়া বাজার এলাকার কথিত মাদক ব্যবসার ডিলার কামরুল হাসান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. ইসরাফিল, চুরির ঘটনায় অভিযুক্ত আব্দুল লতিফ ওরফে ফয়সাল এবং নিয়মিত মামলার আসামি নুর ইসলাম ওরফে সাগর (৩৫)-কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সাতজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের নোয়াখালীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার সরকার স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।