রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় পশ্চিম রায়পুর এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, গত পাঁচ থেকে সাত দিন ধরে এলাকার কয়েকশ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। তবে দুর্গত মানুষের পাশে স্থানীয় সংসদ সদস্য কিংবা প্রশাসনের প্রতিনিধিদের দেখা যায়নি বলে তিনি অভিযোগ করেন।
ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, দুর্বল বেড়িবাঁধ এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।
তিনি অভিযোগ করেন, অতীতে বেড়িবাঁধ নির্মাণে কয়েকশ কোটি টাকা বরাদ্দ থাকলেও আওয়ামী লীগ সরকারের সময়ে সেই অর্থের অপব্যবহার ও লুটপাট হয়েছে।
চলতি অর্থবছরেও এ খাতে বাজেট বরাদ্দ রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই অর্থের কোনো অংশ যাতে দুর্নীতি বা অনিয়মের মাধ্যমে অপচয় না হয়, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে থাকবেন। বিষয়টি সংসদেও উত্থাপন করা হবে বলেও জানান তিনি।
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ দুর্গতদের দুর্ভোগের খবর জানছে এবং তাদের নিয়ে উদ্বিগ্ন। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে ছাত্রসমাজকে স্বেচ্ছাসেবী উদ্যোগে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।