জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সমালোচনা করে বলেছেন, এ সফরের দৃশ্যমান অর্জন নেই। তার দাবি, তিস্তা মহাপরিকল্পনা ও রোহিঙ্গা প্রত্যাবাসন—দুই গুরুত্বপূর্ণ ইস্যুতেই কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি।
শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে যাওয়ার পর বিরোধীদলের পক্ষ থেকে সংসদে তাকে ধন্যবাদ জানানো হয়েছিল। তবে সফরের ফলাফল মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, “চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমরা কোনো কমিটমেন্ট পাইনি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কোনো কমিটমেন্ট পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, দেশের ভেতরে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে আন্তর্জাতিক অঙ্গনেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া কঠিন হবে। তার ভাষ্য, অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা ও ঐক্য ছাড়া কোনো সরকার বিদেশ থেকে কার্যকর সমর্থন আদায় করতে পারবে না।
এ সময় আন্তর্জাতিক আর্থিক সহযোগিতার বিষয়েও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারের প্রতি নতুন ঋণ প্রদানে অনাগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে তিনি সরকারের কূটনৈতিক উদ্যোগ ও অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন।