আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বাংলাদেশে কোনো জায়গা নেই। তিনি বলেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা মানুষের।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেন, জুলাই শহীদদের হত্যার ঘটনায় বিচার প্রক্রিয়া নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি ঘটনার বিচার করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা গুজব না ছড়ানোর আহ্বানও জানান আমিনুল ইসলাম।