সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাকডিমা গ্রামে দেবর-ভাবির সম্পর্ককে কেন্দ্র করে বিয়ের দাবিতে এক নারীর অবস্থান কর্মসূচিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট নারী ও ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার আশ্বাসে দুই পরিবারের সদস্যদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত ৪৮ বছর বয়সী ওই নারী ৬০ বছর বয়সী ব্যক্তির বাড়িতে অবস্থান করেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে থানায় নিয়ে যায়।
আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল ইমরান বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এক লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত নারীর পরিবারের কোনো অভিভাবক তার সঙ্গে যোগাযোগ করেননি। ছেলেপক্ষের সদস্যরা যোগাযোগ করেছেন এবং বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রায় এক বছর ধরে দুজনের মধ্যে মোবাইলে যোগাযোগ ছিল, যা পরে ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। তার ভাষ্য অনুযায়ী, পরে ওই নারী বিয়ের দাবি জানালে বৃদ্ধ ব্যক্তি তাতে সম্মতি দেননি। এরপরই নারী তার বাড়িতে অবস্থান শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
ওসি আরও জানান, ওই ব্যক্তি কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা। অপরদিকে ওই নারীও বিবাহিত এবং তিন সন্তানের জননী। থানায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলোচনার পর বিষয়টি সামাজিক ও পারিবারিকভাবে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।