দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারাদেশে জাতীয়তাবাদী যুবদলের প্রায় তিন শত নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এ তথ্য জানিয়েছেন।
বুধবার রাজধানীর পল্টনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক চর্চায় বিশ্বাস করে। সংগঠন কোনো ধরনের বেআইনি, অনৈতিক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনোই প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ও
আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় প্রায় তিন শত নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনি কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে লক্ষ্যে কঠোর সাংগঠনিক নীতি অনুসরণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আবদুল মোনায়েম মুন্না বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময় দেশব্যাপী যুবদলের বিরাশিটি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নেন এবং আন্দোলন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর দাবি, ওই আন্দোলনে যুবদলের আটাত্তর জন নেতাকর্মী শহীদ হয়েছেন, শত শত নেতাকর্মী স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন এবং হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন।