বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে উত্তাল ঢেউ ও ঝোড়ো হাওয়ায় পটুয়াখালীর রাঙ্গাবালী ও কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে পৃথক তিনটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া বৈরী আবহাওয়ার কবলে পড়ে আরও অন্তত ৫টি মাছধরা ট্রলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা ট্রলারডুবির ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া জেলে ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে ৬ জন জেলেসহ একটি ছোট মাছধরা ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝিকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৫ জন জেলে নিখোঁজ রয়েছেন।
এর আগে, মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের প্রায় ১৭ কিলোমিটার গভীরে ১৮ জন জেলেকে নিয়ে ফকিরহাটের এফবি মহিমা নামের একটি ট্রলার ডুবে যায়। এ সময় ১৬ জন জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।
এদিকে, গত রোববার বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার গভীরে গলাচিপার এমদাদুল সিকদারের মালিকানাধীন একটি মাছধরা ট্রলার ১১ জন জেলেসহ ডুবে যায়। এ ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৬ জন জেলের এখনো কোনো সন্ধান মেলেনি।
গলাচিপা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জহিরুন্নবী জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযান চালিয়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।