আতাউল্লাহ শাহ এনসিপির গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ছিলেন। মঙ্গলবার (৭ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে তা দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদসহ দলের সব সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এর আগে গত ৫ জুলাই সকালে রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকার একটি বালুর মাঠ থেকে আতাউল্লাহ শাহসহ ছয় যুবককে আটক করে পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার পুলিশ তাদের আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেফতার দেখানোর আবেদন এবং সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে আদালত ছয়জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে থাকা অন্যরা হলেন শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আবিদুর রহমান ও বায়োজিত।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকায় কয়েকজন ব্যক্তি উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য সমবেত হয়েছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় আতাউল্লাহ শাহসহ ছয়জনকে আটক করা হয়।
পুলিশের অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। এখন পর্যন্ত এ মামলায় কোনো আদালত তাদের দোষী সাব্যস্ত করেননি।