ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি বিশেষ আটক কেন্দ্রে থাকা ৫০ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে পশ্চিমবঙ্গে স্থানান্তর করা হয়েছে।
শনিবার পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ওই ৫০ জন বাংলাদেশির মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তারা তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর তালুক কার্যালয় ভবনের ভেতরে অবস্থিত একটি বিশেষ আটক কেন্দ্রে ছিলেন।
আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত ৩ জুলাই কঠোর নিরাপত্তার মধ্যে সড়কপথে তিনটি পুলিশ ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লীতে নেওয়া হয়। পরে সেখান থেকে হাওড়া এক্সপ্রেসের একটি বিশেষ বগিতে করে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হন তারা।
যাত্রাপথে সালেম আর্মড পুলিশের কর্মকর্তা শক্তিভেলের নেতৃত্বে ৪০ সদস্যের সশস্ত্র পুলিশ দল তাদের নিরাপত্তার দায়িত্বে ছিল।
পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, পরবর্তী ধাপে তামিলনাড়ু পুলিশ তাদের হরিদাসপুর (পেট্রাপোল) স্থলবন্দর দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করবে। এরপর বিএসএফ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে।
ভারতে অবৈধভাবে প্রবেশ বা অবস্থানকারী বিদেশি নাগরিকদের জন্য আত্তুরে এই বিশেষ আটক কেন্দ্র স্থাপন করা হয়েছিল। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সেখানে বর্তমানে আরও ১৩০ জনের বেশি বিদেশি নাগরিক আটক রয়েছেন, যাদের মামলা বিচারাধীন বা কেউ কেউ জামিনে মুক্ত।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?