পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মো. মোস্তফা (৩৫) নামে এক যুবককে বাসার সামনে থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মারধরের পর তাকে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত মো. মোস্তফা গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুহুরী ১ম খণ্ড এলাকার মৃত আজহার হাওলাদারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত মোস্তফাকে তার নিজ বাসার সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে একটি নির্জন স্থানে নিয়ে তার হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। মারধরের একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হলে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।