মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার পূবাইল থানার এসআই (নিঃ) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল মীরের বাজার-ভোগড়া বাইপাস সড়কের মেঘডুবি ছোট আন্ডারপাসের উত্তর পাশে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে মো. ফরিদ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দখলে থাকা নম্বরপ্লেটবিহীন একটি লাল রঙের H Power Premio ১০০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ফরিদ হোসেন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া (তিরনই হাট) এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ফজর আলী।
পুলিশের ভাষ্য, উদ্ধার করা মোটরসাইকেলটির চেসিস নম্বর HJPCGLA9AB201226। ইঞ্জিন নম্বর অস্পষ্ট থাকলেও প্রাথমিক যাচাইয়ে এটি চোরাই মোটরসাইকেল বলে নিশ্চিত হওয়া গেছে। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা মোটরসাইকেলটি চোরাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পূবাইল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। চোরাই যানবাহন উদ্ধার, চুরি ও অন্যান্য অপরাধ দমনে পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।