নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার খালিয়াজুরিতে মাদক বিক্রি করতে এসে ৩২৫পিস ইয়াবা সহ হাসেনা আক্তার (৪২) নামের এক নারী জনতার হাতে আটক হয়েছে। পরে তাকে লিপসিয়া নৌ পুলিশ ফাঁড়ির মাধ্যমে খালিয়াজুরি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে লিপসিয়া লঞ্চ ঘাটে ইয়াবা বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়েন তিনি। এর আগে গত ১৭এপ্রিল মাদক সহ আটক হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনা শ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
হাসেনা আক্তার উপজেলার চাকুয়া ইউনিয়নের লিপসিয়া লঞ্চ ঘাট এলাকার জয়নাল মিয়ার স্ত্রী।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লিপসিয়া বাজারের ধনু নদীর লঞ্চঘাট ইজারা পেয়ে খাজনা আদায় কার্যক্রম শুরু করার আগে সেলিম মিয়া বুধবার (১জুলাই) দোয়া ও মাদক বিরোধী আলোচনা সভা আয়োজন করেন।
সভায় অংশ গ্রহণকারীরা লঞ্চ ঘাট ও আশপাশের এলাকায় মাদক বিক্রি ও সেবন করতে না দেওয়ার ব্যাপারে গুরুত্ব দেন। কিন্তু পরদিন লঞ্চ ঘাট এলাকায় উন্মুক্ত জায়গায় হাসেনা নামের ওই নারী ইয়াবা বিক্রি করতে আসলে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন জানান, হাসেনা আক্তার নামে এক নারী ৩২৫ পিস ইয়াবাসহ বৃহস্পতিবার সকালে স্থানীয় জনতার হাতে আটক হয়।
পরে তাকে খালিয়াজুরি থানা পুলিশের হাতে সোপর্দ করা করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল নেত্রকোনা আদালতে পাঠানো হবে।