বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে জামায়াতের কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলার আগে বিএনপির উচিত নিজেদের রাজনৈতিক ইতিহাসের ব্যাখ্যা দেওয়া।
তিনি দাবি করেন, স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী করার কারণে বিএনপির আগে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করতে গিয়ে গোলাম পরওয়ার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের জবাব দেন।
তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। একই সঙ্গে তিনি বলেন, একসময় জামায়াতের সঙ্গে জোট করে রাজনীতি করলেও এখন ভিন্ন অবস্থান নেওয়া বিএনপির রাজনৈতিক দ্বিচারিতার পরিচায়ক।
সংবাদ সম্মেলনে জামায়াত ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, গণমিছিল এবং ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ।
এছাড়া দলটি জুলাই হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার, শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিও জানায়। সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।