আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে পুলিশ দলীয় বিবেচনায় নয়, অপরাধের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। খুন, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের তথ্য সংসদে উপস্থাপন করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, ধর্ষণের মামলার সংখ্যা কিছুটা বেড়েছে।
তিনি বলেন, অতীতে অনেক ভুক্তভোগী সামাজিক ও রাজনৈতিক চাপের কারণে থানায় অভিযোগ করতে পারতেন না। বর্তমানে তারা সহজেই থানায় মামলা করতে বা অনলাইনে অভিযোগ জানাতে পারছেন এবং এ ক্ষেত্রে কোনো ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে না।
ধর্ষণ মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত গ্রেপ্তার, চার্জশিট দাখিল, সাক্ষী উপস্থাপন এবং বিচারিক কার্যক্রমে পুলিশের সক্রিয় ভূমিকার ফলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উদাহরণ হিসেবে তিনি রামিশা হত্যা মামলার বিচার স্বল্প সময়ে সম্পন্ন হওয়ার বিষয়টি তুলে ধরেন।
এছাড়া তনু হত্যা মামলার অগ্রগতির প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষার ভিত্তিতে দীর্ঘদিন পর একজন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং মামলার বাকি কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ডগ স্কোয়াড, অস্ত্র প্রশিক্ষণ, হাজতখানা, আধুনিক পরীক্ষাগার এবং প্রযুক্তিনির্ভর সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের জন্য আধুনিক সরঞ্জাম ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি।