মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিখোঁজ হওয়ার ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশের একটি রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, গত ৯ মে থেকে আওলাদ হোসেন নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন কোনো খোঁজ না মেলায় ২৩ মে তার ভাই সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তদন্ত অব্যাহত রাখে।
তদন্তের একপর্যায়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ চাইনপাড়া গ্রামের একটি বাড়ির রান্নাঘরে খননকাজ চালায়। সেখানে মাটির গভীরে পুঁতে রাখা অবস্থায় আওলাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য স্বামীর ওপর চাপ সৃষ্টি করছিলেন। এতে রাজি না হওয়ায় সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ গোপনে মাটিচাপা দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বুধবার (১ জুলাই) দুপুরে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে।