মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে দলীয় সূত্র।
সোমবার (২৯ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত থেরাপি ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি। সকালে থেরাপি সেশন শেষে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে হাসপাতালের বাইরে উন্মুক্ত স্থানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন এবং হালকা শারীরিক ব্যায়াম করেন।
তিনি আরও জানান, মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে মির্জা আব্বাস বর্তমানে নিয়মিত ফিজিওথেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা তাকে নিয়মিত হাঁটাচলা ও হালকা ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, পুনর্বাসন কার্যক্রমে তিনি ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। প্রায় এক মাস চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে ফিজিওথেরাপি ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে বিশেষায়িত চিকিৎসা নিচ্ছেন।