দেশের মাধ্যমিক শিক্ষায় উদ্ভাবন, বিজ্ঞানচর্চা, উদ্যোক্তা তৈরির সংস্কৃতি এবং জলবায়ু সচেতনতা বাড়াতে সোমবার (২৯ জুন) দুটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ এবং দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ দুটি কর্মসূচির উদ্বোধন করবেন।
মাউশি জানায়, শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে দেশব্যাপী উপজেলা, জেলা, মহানগর ও জাতীয় পর্যায়ে এই আয়োজন করা হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকরা এতে অংশ নিয়েছেন। উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে নির্বাচিত সেরা ১০০টি দল জাতীয় পর্যায়ে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করবে। এর মধ্য থেকে সেরা ১০টি দলকে ট্রফি দেওয়া হবে। পাশাপাশি নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হবে।
অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশের ২৯ হাজার ৬২১টি বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ ও মাদ্রাসায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।
মাউশি জানিয়েছে, কর্মসূচিকে অংশগ্রহণমূলক করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি র্যালি, জলবায়ু সচেতনতামূলক কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হবে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, উদ্ভাবনী শিক্ষা ও পরিবেশ সংরক্ষণের এই যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর চিন্তা, নেতৃত্বগুণ এবং পরিবেশ সচেতনতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।