জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে তার বিরুদ্ধে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।
একই সঙ্গে আওয়ামী লীগকে যারা প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও রাজনৈতিকভাবে শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি।
রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আওয়ামী লীগের বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট এবং এ নিয়ে কোনো আপসের সুযোগ নেই।
তিনি আরও দাবি করেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জনগণের পক্ষ থেকে অব্যাহত থাকবে।
বক্তব্যে তিনি সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। এ বিষয়ে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষকে বিজিবির সঙ্গে সমন্বয় করে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পথসভায় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি, সীমান্ত নিরাপত্তা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।