প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ভারত সফরের পাশাপাশি প্রধানমন্ত্রীর অন্যান্য বিদেশ সফরের বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা শেষে সফরের সময়সূচি নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানের মধ্যে সরাসরি বৈঠক হলে দুই দেশের বিভিন্ন অমীমাংসিত বিষয় সমাধানের সুযোগ তৈরি হতে পারে। এ সুযোগকে ভারত কীভাবে কাজে লাগাবে, সেটিও তাদের বিবেচনা করা উচিত।
প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফরের সম্ভাব্য সময় জানতে চাইলে তিনি বলেন, জাপান সফরের তারিখও এখনো নির্ধারণ করা হয়নি। দুই দেশের জন্য উপযুক্ত সময় বিবেচনা করেই সফরের দিনক্ষণ ঠিক করা হবে। প্রধানমন্ত্রী বর্তমানে বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত রয়েছেন।
তিনি বলেন, ভারতসহ অন্য কোনো দেশের সফরই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের ঘটনার ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি। তবে দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসে আলোচনা করলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের পথ তৈরি হতে পারে। ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত করার একটি সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, এ বিষয়ে সরকারি পর্যায়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দেশটিতে জনশক্তি রপ্তানি বাড়ানোর বিষয়ে অগ্রগতি হয়েছে। পাশাপাশি সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের একটি প্রকল্পও পরিদর্শন করেছেন বলে জানান তিনি।