অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন।
শনিবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টে তিনি নিজেকে ‘প্রথম বলির পাঁঠা’ হতে পারেন বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও অনেকে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বলে ইঙ্গিত দেন।
পোস্টে মাহফুজ আলম লেখেন, তিনি প্রথম লক্ষ্যবস্তু হতে পারেন, তবে শেষ নন। তার ভাষ্য, একে একে আরও অনেকে টার্গেট হতে পারেন এবং বৈধদের জায়গা দখল করবে ‘ক্রীড়নকরা’। তিনি সবাইকে সতর্ক করে বলেন, শত্রুর সেবা করে কেউ যেন বলির পাঁঠা না হন এবং সব ধরনের ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ জাতীয় ঐক্য গড়ে তুলতে কাজ করেন।
পোস্টের শেষাংশে তিনি জার্মান-আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েলের একটি উদ্ধৃতি তুলে ধরেন। পাশাপাশি ফরাসি দার্শনিক রেনে জিরারের বই পড়ারও পরামর্শ দেন।
তবে মাহফুজ আলম তার পোস্টে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি। ঠিক কোন প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেছেন, সে বিষয়েও কোনো ব্যাখ্যা দেননি। ফলে তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।