পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হাসপাতালের দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। শুক্রবার (২৬ জুন) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং সীমিত সম্পদের মধ্যেও সেবার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের যেসব অনিয়ম ও দুর্বলতা রয়েছে, সেগুলো দূর করে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। কোনো রোগী প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ঢাকায় যেতে বাধ্য হলে তা হাসপাতালের সক্ষমতার ঘাটতির প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, হাসপাতালের পরিবেশ যাতে কোনো রাজনৈতিক পরিচয়ের অপব্যবহারে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে প্রশাসন, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক, জেলা প্রশাসন, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।