সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশপ্রেমিক নাগরিকদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (২৬ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিয়মবহির্ভূতভাবে বাংলাদেশের নাগরিকদের হত্যা করছে। কুলাউড়ার বাসিন্দা মুজিব আলী মাছ ধরতে গিয়ে নিহত হলেও তাকে চোরাকারবারি হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এ ঘটনায় সরকারের সংশ্লিষ্ট মহলের অবস্থান বিএসএফের কর্মকাণ্ডকে পরোক্ষভাবে সমর্থন করছে।
নাসিরুদ্দিন পাটোয়ারী আরও বলেন, এনসিপি ক্ষমতায় এলে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বিজিবিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে সারজিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারী কুলাউড়া উপজেলার দত্তগ্রামে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর বাড়িতে যান। সেখানে তারা তার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ১২ জুন ভারতের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে মো. মুজিব আলী নিহত হন। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার সময় তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।