কুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মনিরুল হক বলেন, জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে আনতে পারলেও গোলাবাড়িতে এখনো মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সেখানে মূল অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রশাসন যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তিনি নিজেই আন্দোলনে নামবেন। প্রয়োজনে গোলাবাড়িতে ১০ হাজার মানুষের অংশগ্রহণে লং মার্চ কর্মসূচি পালন করা হবে। সরকারও যদি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন।
অনুষ্ঠানে তিনি আদালতের পাবলিক প্রসিকিউটরের উদ্দেশেও প্রশ্ন তোলেন, একাধিক হত্যা ও মাদক মামলার আসামিরা কীভাবে জামিন পাচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।