জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সব গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তদন্ত করে তার বিরুদ্ধে ১ টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে তিনি জাতীয় সংসদ থেকে ইস্তফা দেবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন। সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি কখনো বলেননি যে তাকে বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। বরং তিনি বলেছেন, তার বক্তব্যের কারণে যেন এলাকার সাধারণ মানুষ কোনো ধরনের সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন।
সংসদে জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু সদস্য অভিযোগের সুরে কথা বলছেন, কিন্তু কোনো প্রমাণ দিচ্ছেন না। তিনি সরকার দলীয় সদস্যদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সামরিক বাহিনীসহ সব সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক।
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে ১ টাকার দুর্নীতি বা অসৎ উপায়ে কোনো সুবিধা গ্রহণের প্রমাণ দিতে পারলে আমরা এই সংসদ থেকে ইস্তফা দেবো।” তার এ বক্তব্য সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।