জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বাজেট প্রণয়ন প্রক্রিয়া ও বিভিন্ন খাতের বরাদ্দ নিয়ে সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার সংসদে বক্তব্য দিতে গিয়ে পটুয়াখালী-২ আসনের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশে বাজেট প্রণয়নে নাগরিকদের অংশগ্রহণ তো দূরের কথা, খোদ সংসদ সদস্যদেরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ খুবই সীমিত।
তিনি বলেন, আধুনিক বিশ্বে বাজেট উপস্থাপনায় নাগরিকবান্ধব তথ্য, ভিজ্যুয়াল ড্যাশবোর্ড ও তুলনামূলক বিশ্লেষণ থাকে। কিন্তু বাস্তবে দেশের জনগণের প্রত্যাশা ও বাজেটের মধ্যে বড় ধরনের ফারাক দেখা যায়।
বক্তব্যে তিনি স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা, হাসপাতাল ব্যবস্থাপনা এবং বিদেশি শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়ও তুলে ধরেন। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বকেয়া থাকার অভিযোগ করে দ্রুত সমাধানের দাবি জানান।
আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১৬ আসনের এমপি আব্দুল বাতেন বলেন, বড় ঋণখেলাপিদের ছাড় দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর করের চাপ বাড়ানো হয়েছে। অন্যদিকে গাজীপুর-৪ আসনের এমপি সালাহউদ্দিন আইউবী খুচরা ব্যবসায়ীদের ওপর অগ্রিম কর আরোপের সমালোচনা করেন এবং দুদকের বাজেট কমানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন।
এদিকে চট্টগ্রাম-১৬ আসনের এমপি মোহাম্মদ জহিরুল ইসলাম উপজেলা পর্যায়ে ক্যানসার স্ক্রিনিং ব্যবস্থা চালু এবং ক্যানসার চিকিৎসার জন্য বিশেষ তহবিল গঠনের দাবি জানান।