প্রাণী বৈচিত্র্য বৃদ্ধি ও দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ তৈরি করতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা চারটি বন্যপ্রাণী বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি কমন ইল্যান্ড (একটি পুরুষ ও একটি স্ত্রী) এবং দুটি পুরুষ ওয়াইল্ডিবিস্ট।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণীগুলো আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে জাতীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে। নতুন প্রাণী সংযোজন সেই উদ্যোগেরই অংশ।
তিনি আরও বলেন, নতুন প্রাণীগুলোর আগমনে দর্শনার্থীরা ভিন্নধর্মী অভিজ্ঞতা লাভ করবেন এবং দেশের প্রাণিবৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।
চিড়িয়াখানাকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও দর্শনার্থীবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।