বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা খারাপ কাজকে সমর্থন করে না। ধর্মীয় মূল্যবোধ সমাজে নৈতিকতা, মানবিকতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার সকালে কেরানীগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সব ধর্মেই ভালো ও মন্দ কাজের প্রতিফল সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। মানুষ তার কর্মের ফল ভোগ করবে এবং ধর্মীয় মূল্যবোধবিরোধী কোনো আইন বা কর্মকাণ্ড সমাজে দীর্ঘস্থায়ী হতে পারে না।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও নানা বিধিনিষেধ ও নিয়ন্ত্রণের মধ্যে ছিল। এমনকি তাকে ইফতার পার্টি আয়োজন করতেও বাধার মুখে পড়তে হয়েছিল। সে সময় তিনি বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে তিনি ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রাষ্ট্রের আইন মেনে চলার আহ্বান জানিয়ে উগ্রবাদ ও বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।