জাতীয় সংসদ ভবনে সোমবার এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পাঠানো বিশেষ উপহারকে কেন্দ্র করে। সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও পেয়েছেন ১০ কেজি ওজনের একটি করে উপহারের প্যাকেট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপহারের প্যাকেটগুলোতে মৌসুমি ফল, বিশেষ করে প্রিমিয়াম মানের আম ছিল। সকাল থেকেই বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদ ভবনের বিভিন্ন দফতরে গিয়ে সুশৃঙ্খলভাবে এসব উপহার পৌঁছে দেন।
উপহার বিতরণের বিশেষ দিক ছিল এর সমবণ্টন। শুধু সংসদ সদস্য বা ঊর্ধ্বতন কর্মকর্তাই নন, ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকরাও এই উপহার পেয়েছেন। ফলে বিষয়টি সংসদ সচিবালয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উপহার পাওয়া কয়েকজন কর্মচারী জানান, সাধারণত তারা এ ধরনের সৌজন্য উদ্যোগের বাইরে থাকেন। তাই তাদেরও অন্তর্ভুক্ত করায় তারা আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।
সংসদ সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ কেবল সৌজন্য প্রদর্শন নয়, বরং সকল স্তরের মানুষের প্রতি সম্মান ও মূল্যায়নের একটি ইতিবাচক বার্তা বহন করে।