রাজধানীর খালগুলো সংরক্ষণ না করা হলে ভবিষ্যতে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার রাজধানীর মিরপুর মুসলিম বাজার খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, খাল দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে জলাবদ্ধতা ও ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ৫৬টি খাল রয়েছে। বর্ষা মৌসুম ও ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় নিয়ে সব খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে, যারা খালের সীমানা নির্ধারণ এবং অবৈধ স্থাপনা অপসারণের কাজ করবে।
তিনি বলেন, দীর্ঘদিন যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অনেক খাল ও জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে। খালগুলো সচল ও সংরক্ষিত না থাকলে নগরীর পরিবেশ ও জলাবদ্ধতা পরিস্থিতি আরও খারাপ হবে।
হাতিরঝিলের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই প্রকল্পকে আবারও আধুনিক ও আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে। সেখানে আলোকসজ্জা, বসার ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করা হবে।
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, খাল পরিষ্কারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। নির্ধারিত স্থানের বাইরে খাল বা খালের পাশে বর্জ্য ফেললে আইন অনুযায়ী জরিমানা করা হবে।
প্রতিমন্ত্রী জানান, রাজধানীর কালশী সাংবাদিক আবাসিক এলাকার ৮০ ফুট খাল থেকে ইতোমধ্যে ৫৬ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে। এসব বর্জ্যের কারণেই ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
তিনি নগরবাসীকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।