দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিজেকে প্রার্থী ঘোষণা দেওয়ায় খুলনার পাইকগাছা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) এসকে মহিব্বুল্লাহকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার সদস্য (রুকন) এসকে মহিব্বুল্লাহ, পিতা মো. আজিজুর রহমান শেখ, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ইউপি নির্বাচনে নিজেকে প্রার্থী ঘোষণা করেন এবং মাঠে নির্বাচনি তৎপরতা চালিয়ে যান।
জামায়াতের দাবি, তার এ কর্মকাণ্ড সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারার ২ নম্বর উপধারার ‘ক’ ও ‘খ’ লঙ্ঘনের শামিল। বিষয়টি তদন্ত করে দেখা যায়, তিনি সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির কাজে জড়িত ছিলেন।
এ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির গত ১৮ জুন জরুরি ভিত্তিতে তার সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেন। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও সিদ্ধান্তের প্রতি আনুগত্য বজায় রাখতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।