দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী ওঁরাও ও মাহাতো জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বিশেষ এই ভাতা কর্মসূচি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে।
গত মে মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ওঁরাও ও মাহাতো জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা প্রদানের প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে উল্লেখ করা হয়, এ দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে এবং দারিদ্র্যের কারণে নানা ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে। তাদের জীবনমান উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিশেষ সহায়তা প্রয়োজন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডিসি সম্মেলনে উত্থাপিত বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট ছয়টি উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি অর্থনৈতিক বিনিয়োগ, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল স্থাপনসংক্রান্ত এবং একটি ওঁরাও ও মাহাতো জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, বিভিন্ন জেলা থেকে পাওয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাব যাচাই-বাছাই করে বাস্তবায়নযোগ্য উদ্যোগগুলো স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ডিসি সম্মেলনে পাওয়া গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।