নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীতে অভিযান চালিয়ে অবৈধ সৌতিজালের স্থাপনা উচ্ছেদ করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় প্রায় দেড় লাখ টাকা মূল্যের জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাবগাড়ী এলাকায় আত্রাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নদীর বিভিন্ন স্থানে পেতে রাখা অবৈধ সৌতিজালের স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং মাছ শিকারে ব্যবহৃত বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার শাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে তাঁর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার শাহ বলেন, বর্ষা মৌসুমে নদ-নদীতে মাছের প্রজনন বৃদ্ধি পায়। এ সময়ে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে মৎস্যসম্পদের ক্ষতি হয়। তাই নদীতে নিষিদ্ধ জাল পেতে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, চায়না জাল, রিং জাল, দুয়ারী জালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।