প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফর করবেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং পরে একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন।
কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গলে গিয়ে দুপুর ১টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।
দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সমাবেশে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।