মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে সমতায় ফিরে আসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। প্রথম ১০ মিনিটে হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণভাগে বেশ চাপ সৃষ্টি করে আফ্রিকার প্রতিনিধিরা।
তবে ধীরে ধীরে ম্যাচে নিজেদের গুছিয়ে নেয় ব্রাজিল। এক পর্যায়ে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোলের সুবর্ণ সুযোগ তৈরি করেন সেলেসাওরা। সতীর্থের পাস পেয়ে দারুণ অবস্থানে বল নিয়ন্ত্রণে নেন ইগর থিয়াগো, কিন্তু সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।
২১তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি আসে মরক্কোর পক্ষে। থ্রু পাস ধরে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করে চিপ শটে বল জালে জড়ান ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।
গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় ব্রাজিল। এর ফলও পায় তারা। ৩২তম মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে সমতাসূচক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বিরতির পর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। ব্রাজিল কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি। অন্যদিকে মরক্কোও ব্যবধান গড়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় ম্যাচ শেষ হয়। ফলে বিশ্বকাপ অভিযান ড্র দিয়ে শুরু করতে হয়েছে ব্রাজিলকে।