মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত হয়েছে এবং এর মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধাবস্থার অবসান ঘটেছে। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।
ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির খসড়া অনুমোদন দেয়নি। তবে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাব্য কোনো চুক্তিতে স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
আলোচিত শান্তি চুক্তির লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহার করা। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনো আরও আলোচনা প্রয়োজন হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং তা অনুমোদিত হয়েছে। তিনি আরও দাবি করেন, এই তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বোমা হামলা বাতিল করা হয়েছে।
তবে ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফার্স নিউজ এজেন্সি একটি অবহিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রাথমিক সমঝোতা স্মারকের খসড়াও এখনো অনুমোদিত হয়নি।
অন্যদিকে ইরানের আরেক সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ট্রাম্পের ঘোষণাকে নাকচ করে দিয়ে বলেছে, অতীতেও তিনি এ ধরনের ঘোষণা দিয়েছেন, কিন্তু সেগুলোর বাস্তব কোনো ফল পাওয়া যায়নি। সংস্থাটি বলেছে, ইরান আনুষ্ঠানিকভাবে কোনো সমঝোতার ঘোষণা না দেওয়া পর্যন্ত ট্রাম্পের বক্তব্যকে কেবল তার ব্যক্তিগত দাবি হিসেবেই বিবেচনা করা উচিত।
দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা থাকলেও সম্ভাব্য সমঝোতা নিয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?