জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ।
এ সময় আরও বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ফকির, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল জলিল সেখ এবং চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ১১ দফা দাবি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। উপস্থিত বক্তারা এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।