মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বান্দরবান সদর হাসপাতালের নতুন সার্ভিস ভবনের নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল প্রায় ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নতুন সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় শ্রমিকরা একটি লোহার অ্যাঙ্গেল ব্যবহার করছিলেন। একপর্যায়ে সেটি ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন মো. সাকিব (২২) ও কামরুল হাসান (৩৫)। তারা উভয়েই ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।
বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করেছে।