মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে টানা ৪১ দিন মসজিদে জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৯ জন শিশু-কিশোর শিক্ষার্থী পুরস্কার হিসেবে বাইসাইকেল পেয়েছে। এছাড়া নামাজ আদায়ে উৎসাহ ও নিয়মিত অংশগ্রহণের জন্য আরও ২৯ জনকে সম্মাননা ক্রেস্ট এবং ২ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর আধারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ থেকে ১৬ বছর বয়সী ৩২ জন শিশু-কিশোরের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোগ নেয় স্থানীয় সামাজিক সংগঠন “আধারা মানব কল্যাণ ফাউন্ডেশন”। এ কর্মসূচি বাস্তবায়নে এলাকার প্রবাসীরাও আর্থিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আধারা মানব কল্যাণ ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর বেপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধারা মধ্য পাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মো. হাফিজুল বেপারী, মো. নাজমুল মিজি, মো. রোশাদ বেপারী, মো. ইমরান বেপারী, মো. পারভেজ বেপারী, মো. রিয়াজ খান, মো. দিপু, ফাহিম বেপারী, জুনায়েদ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং শিশু-কিশোরদের মসজিদমুখী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, বর্তমান প্রজন্মকে নামাজ ও ধর্মীয় মূল্যবোধের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়লে শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোর এবং তাদের অভিভাবকরাও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।