মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মোফাজ্জল (৩৮) নামে এক বিবাহিত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোফাজ্জল তিন সন্তানের জনক বলে জানা গেছে।
আজ রোববার আসামিকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত ৩০ মে রাতে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোফাজ্জল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মেলাপাড়া গ্রামের মৃত আকরাম শরীফের ছেলে। তিনি পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। ওই বাড়িরই পাশাপাশি একটি কক্ষে ভিকটিম কিশোরী তার পরিবারের সঙ্গে থাকত। দীর্ঘদিন একই বাড়িতে পাশাপাশি থাকার সুবাদে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এর সুযোগ নিয়ে মোফাজ্জল বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে একাধিকবার নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করেন।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৮ মে রাত আনুমানিক তিনটার দিকে ধর্ষণের সময় ভিকটিমের বাবা-মা তাদের হাতেনাতে দেখে ফেলেন। ওই সময় অভিযুক্ত মোফাজ্জল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে গত ৩০ মে রাতে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোফাজ্জল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে তা নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, ভিকটিম কিশোরীর শারীরিক পরীক্ষা ও ডাক্তারি প্রতিবেদনের জন্য তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।