বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে শনিবার (৩০ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে ছাত্রদলের এক নেতার বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুঁইয়াসহ কয়েকজন নেতাকর্মী প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের উদ্দেশ করে উত্তেজিত আচরণ করছেন। এ সময় তাদের মধ্যে কয়েকজনকে অশালীন ভাষা ব্যবহার করতেও শোনা যায়। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে যান, যা সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।
এ ঘটনায় খোদ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কেউ কেউ প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় না দেওয়ার কথাও বলছেন।
যদিও ছাত্রদল নেতা আব্দুর রহিম ভুঁইয়া এমন অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী জিয়া উদ্যান থেকে বের হওয়ার পথে নিরাপত্তা টিমের কেউ একজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। পরে উঠে তিনি দেখার চেষ্টা করেছেন বাইরের কেউ এমনটা করলো কি না। তবে তিনি কাউকে গালি দেননি।
এই ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও শেয়ার করে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান অভি লিখেছেন, ‘আমার এই লেখা অনেক বিএনপির নেতাকর্মীর খারাপ লাগতে পারে, তবুও বলতে হচ্ছে। তোমার-আমার মতো লাখো-কোটি নেতা বিএনপিতে না থাকলেও বিএনপির কিছু হবে না। কিন্তু তারেক রহমানের কিছু হয়ে গেলে এ দল সেখানেই ফুলস্টপ খেয়ে যাবে।’
তিনি লিখেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে ফেরার পথে বিএনপির কিছু লোক দৌড়ঝাঁপ করলে এসএসএফ তাদের বাধা দেয়। এতে তারা এসএসএফের ওপর রাগান্বিত হয় এবং গালাগাল করে। বলি ভাই, এখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়। এখানে তার সিকিউরিটি ফোর্স নেতা চিনবে না। তাদের দায়িত্ব প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা, তারা সেটাই করবে।’