গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের বিভিন্ন স্থানে গেলে আরও হেনস্তার শিকার হতে পারেন। তার দাবি, এসব ঘটনার পেছনে বিএনপি নয়, সাধারণ জনগণের ক্ষোভ কাজ করছে।
বুধবার (২৭ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান অভিযোগ করেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় জামায়াত-শিবিরের সম্পৃক্ততা রয়েছে। তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে “রাজনৈতিক জোকার” আখ্যা দিয়ে বলেন, তিনি নিয়মিত অশালীন ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা দেশের রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি আরও বলেন, ঝিনাইদহ সফরে নাসীরুদ্দীন পাটওয়ারী অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন এবং ছাত্রদলের কেউ তার ওপর হামলা চালায়নি। তার ভাষায়, “রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে তিনি আজেবাজে মন্তব্য করছেন।”
সংবাদ সম্মেলনে জামায়াতের সমালোচনাও করেন রাশেদ খান। তিনি বলেন, জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি এবং অতীতে বিভিন্ন স্বৈরাচারী সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে। তার অভিযোগ, জামায়াত ও এনসিপি মিলে রাজনৈতিক ষড়যন্ত্র করছে, যা দেশের জনগণ গ্রহণ করবে না।
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।